শিরোনাম
Passenger Voice | ০৭:১৩ পিএম, ২০২০-১১-০৬
বাংলাদেশ রেলওয়ে ঠিকাদার সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এবং ক্ষমতাসীন দলের বহিষ্কৃত ছাত্র নেতা সাইফুল আলম চৌধুরী লিমনকে আজ শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে নগরীর মেহেদীবাগ এলাকার বাসা থেকে আটক করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল।
এদিকে লিমনের পরিবারের সদস্যরা বলছে কোন মামলার ওয়ারেন্ট ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে রেল সংশ্লিষ্ট রাজনৈতিক নেতারা ধারনা করছে উপরের একটি মহলের চাপেই লিমনকে গ্রেফতার করা হয়েছে। কারন বর্তমানে বাবর দেশের বাইরে, এ অবস্থায় লিমনের অনুপস্থিতিতে রেলের টেন্ডার বানিজ্যে একচ্ছত্র আধিপত্য কায়েম করতে পারবে রেল সংশ্লিষ্ট প্রভাবশালী ঠিকাদারদের একটি মহল। তবে নগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র বলছে, সজল দাশ নামের লিমনের এক সহযোগীর কাছ থেকে বিদেশি অস্ত্র উদ্ধারের প্রেক্ষিতে দায়ের করা অস্ত্র মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও কিশোর গ্যাং ও চাঁদাবাজির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে নির্ভরযোগ্য এই সূত্র।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ জুন রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি এলাকায় ৪৮ লাখ টাকা মূল্যের বাংলাদেশ রেলওয়ের দরপত্র নিয়ে বাবর ও লিমন পক্ষের বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাজু পালিত (২৪) ও স্থানীয় সিআরবি বস্তির শিশু আরমান (৮)। এদের মধ্যে সাজু পালিত ছিলেন বাবরের অনুসারী।
ঘটনার দিন কোতোয়ালি থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) নেজামউদ্দিন গণমাধ্যমে বলেছিলেন,রেলে টেন্ডার কাজে দরপ্রস্তাব জমা নিয়ে দুই পক্ষের তর্কাতর্কি ও ধাওয়ার এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। এসময় উভয় পক্ষ ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়ে। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে আদালতে দায়েরকৃত পিবিআইর অভিযোগপত্রে দুই পক্ষের তর্কাতর্কি এবং গোলাগুলির কোনো উল্লেখ নেই। তবে অভিযোগপত্রে বলা হয়,আগের বিভিন্ন দরপত্রের ভাগের টাকা পাওনা থাকায় নিহত সাজু পালিত ও অজিত বিশ্বাসের মধ্যে বিরোধ চলছিল। পিবিআইর অভিযোগপত্রে অজিত বিশ্বাসকে প্রধান আসামি করা হয়েছিল। একই সাথে যুবলীগের তৎকালীন কেন্দ্রীয় কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক বহিষ্কৃত নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং ছাত্রলীগের বহিষ্কৃত নেতা সাইফুল ইসলাম লিমনকে আসামী করে চার্জশিট দেওয়া হয়েছিল।
উল্লেখ্য,দীর্ঘদিন ধরে রেল অঙ্গনে অভিযোগ রয়েছে পূর্বাঞ্চল রেলের বিভিন্ন টেন্ডার কার্যক্রম নিয়ন্ত্রন করতেন বাবর-লিমন গং। বর্তমানে বাবর দেশের বাইরে দুবাইতে অবস্থান করলেও কিছুদিন আগে আত্মগোপনে থাকা সাইফুল আলম লিমন চট্টগ্রামে ফিরে আসে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত