গাড়ি চালকদের প্রশিক্ষণ দিয়ে সড়ক দিবস পালন চট্টগ্রাম বিআরটিএর

Jahangir Alam babu    |    ০৪:১০ পিএম, ২০২০-১০-২৩


গাড়ি চালকদের প্রশিক্ষণ দিয়ে সড়ক দিবস পালন চট্টগ্রাম বিআরটিএর

'মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ'' এই শ্লোগানে সারাদেশে একযোগে পালিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২শে অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে আলোচনা সভা ও ৩ শতাধিক গাড়ি চালকদের প্রশিক্ষণ প্রদান সহ নানা কর্মসূচি পালন করা হয়। 

নগরীর এলজিইডি ভবন মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বদিউল আলমের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউদৌলা রেজা, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক (ইঞ্জিঃ) মোহাম্মদ শহীদুল্লাহ, চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহণ মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদ, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. শাহ আলম, বিআরটিএ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. লুৎফুর রহমান প্রমুখ।

সমাবশে বক্তারা গাড়ি চালকদের উদ্দেশ্যে বলেন, গাড়ি চালকরা চাইলে সড়কে দূর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে পারে। আগে যাওয়ার মানসিকতা নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চলানো পরিহার, ঠিকমতো  প্রশিক্ষণ নেয়া, একটানা ড্রাইভ না করা, ট্রাফিক আইন মেনে চলা, সতর্কতার সাথে গাড়ি চালানো, লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র সাথে রাখা, ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি পরিহার করাসহ সড়ক পরিবহণে নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেগুলো মেনে চললে সড়ক দূর্ঘটনা কমে আসবে।  

একই সাথে ট্রাফিক সিগন্যাল মেনে সতর্কতার সাথে রাস্তা পারাপার করতে যাত্রী ও পথচারীদের প্রতি আহবান জানান বক্তারা। এছাড়া করোনা সংক্রমণ রোধে গাড়িতে মাস্ক ছাড়া যাত্রী পরিবহণ না করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন বক্তারা।
 
সভায় বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিঃ) মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সড়ক নিরাপত্তায় বিআরটিএর কার্যক্রমে  গাড়ি চালক শ্রমিক ও পরিবহণ মালিকদেরকে এগিয়ে আসতে হবে। 

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ির অন্যান্য কাগজপত্র প্রাপ্তিতে অনেক কিছুই এখন সহজতর করা হয়েছে। তিনি বলেন, মহামারি  করোনা পরিস্থিতে  চালকদের প্রশিক্ষণ প্রদান, দালাল মুক্ত করতে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিআরটিএ। সভায় (ইঞ্জিঃ) মোহাম্মদ শহীদুল্লাহ গাড়ি চালক ও শ্রমিকদের নানা প্রশ্নের উত্তর দেন। চালকরা করোনা পরিস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে কোনো ড্রাইভার কিংবা শ্রমিক অযথা হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ জানান।