শিরোনাম
গ্রাহক হয়রানী বন্ধে কঠোর অবস্থানে উপ-পরিচালক মো. শহীদুল্লাহ
Jahangir Alam babu | ০৬:১৯ পিএম, ২০২০-০৯-২১
জাহাঙ্গীর আলম বাবু: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএতে শুরু হয়েছে বিশেষ সেবা সপ্তাহ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বিআরটিএ চট্টমেট্রো ও চট্টগ্রাম জেলা সার্কেলের এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. শহীদুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টমেট্রো সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) তৌহিদুল হোসেন, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক এমডি শাহ আলম, বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (সাধারণ) সাদাত হোসেন সহ সকল মোটরযান পরিদর্শকগণ।
বিআরটিএ চট্টমেট্রো সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) তৌহিদুল হোসেন প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিআরটিএ ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের রেজিষ্ট্রেশন প্রদান করছে। এছাড়া সার্ভিস পোর্টালের মাধ্যমে গ্রাহক ঘরে বসে অনলাইনের মাধ্যমে এ দুটি সেবা পাবেন। তিনি আরো বলেন, ২০১৭ সালে নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে ছাত্ররা রাস্তায় নামার পর ড্রাইভিং লাইসেন্স গ্রহনে চালকের আগ্রহ বেড়েছে। গ্রাহক সেবা নিশ্চিত কল্পে বিআরটিএ এই উদ্যোগ নিয়েছেন।

এছাড়া বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলের নিবন্ধন করা যাবে। এজন্য মোটরসাইকেল শোরুম-ডিলারদের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যাদিসহ ফরম পূরণ করে অনলাইনে বিআরটিএতে পাঠালে সাথে সাথে রেজিষ্ট্রেশন নাম্বার পেয়ে যাচ্ছে । একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করার পর তৎক্ষণাৎ শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হচ্ছে। এইসব সেবার পাশাপাশি বিআরটিএর অন্য কার্যক্রম এ সেবার আওতায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোববার সকাল থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
এই বিষয়ে বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মো. শহীদুল্লাহ প্যাসেঞ্জার ভয়েসকে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিআরটিএ বিশেষ সেবা সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে। বিআরটিএ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কোন দালালকে প্রবেশ করতে দেয়া যাবে না। গ্রাহকের যে কোন সমস্যা, অভিযোগ বা পরামর্শ সার্কেল অফিসের কর্মকর্তাদের সরাসরি বলুন। কোনো কর্মকর্তা যদি আপনাদের (গ্রাহক) অভিযোগের গুরুত্ব না দেয় তা হলে সরাসরি আমাকে বলুন। বিআরটিএ চট্টগ্রাম বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী গ্রাহকদের সেবা সঠিক ভাবে প্রদান করতে হবে। কোন গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত