শিরোনাম
Entertainment desk | ১১:২০ এএম, ২০২০-০৯-১৪
কোভিড-১৯ আক্রান্ত জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তার ফুসফুসের ৮০ শতাংশ কাজ করছে না। তাকে শতভাগ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তিনি রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
তার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালটি ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, সাদেক বাচ্চুর স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সে কারণে রোববার দুপুরে অধ্যাপক রেদোয়ানুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বৈঠক করে।
এর পর সাদেক বাচ্চুর চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তবে এখন যে অবস্থা তার, চিকিৎসকদের আর কিছুই করার নেই। তার অবস্থার উন্নতি হতে পারে, আবার যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হয়ে যেতে পারে বলে জানান ডা. আশীষ।
তিনি জানান, সাদেক বাচ্চুর হৃদযন্ত্র কম কাজ করছে। তার হৃদযন্ত্রের বাইপাস সার্জারি করা। এ কারণে তার অবস্থা বেশি জটিল।
সাদেক বাচ্চুর মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবীন জানান, ৬ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনেতা সাদেক বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে কোভিড-১৯ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার পরীক্ষার ফল হাতে পেয়েছেন তারা। এতে দেখা যায়, সাদেক বাচ্চু কোভিড-১৯ পজিটিভ। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়ে মেহজাবীন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত