শিরোনাম
Passenger Voice | ০৪:১৩ পিএম, ২০২৬-০৮-৩১
গাজীপুর মহানগরের ইটাহাটা এলাকায় বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে৷ এই ঘটনায় নিহতের সহকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে, এসময় তাকওয়া পরিবহন নামের একটি মিনিবাসে আগুন দেয় বিক্ষুব্ধরা।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সোয়া একটার দিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত মরিয়ম আক্তার। তিনি স্থানীয় সোয়েটার কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭ টার দিকে কারখানায় যাচ্ছিলেন মরিয়ম। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পাড় হওয়ার সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মরিয়ম।
দুপুরে সহকর্মীর মৃত্যুর খবর কারখানায় পৌঁছলে শ্রমিকরা উত্তেজিত হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ও তাকওয়া পরিবহনের অপর একটি বাসে অগ্নিসংযোগ করে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পর্যায়ে আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হন। এ খবরে নিহতের সহকর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত