কলকাতার শিয়ালদহ স্টেশনে ভয়াবহ আগুন

Passenger Voice    |    ০৩:৫১ পিএম, ২০২৬-০৮-৩১


কলকাতার শিয়ালদহ স্টেশনে ভয়াবহ আগুন

কলকাতায় নিউমার্কেটের পর এবার শিয়ালদহ স্টেশন চত্বরে  ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (৩১ আগষ্ট) সকালে স্টেশন চত্বরের ফুড প্লাজায় হঠাৎ করেই এই দুর্ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহেতর খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের ফলে স্টেশন চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়, আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে শিয়ালদহ স্টেশনের বাইরে থাকা ফুড প্লাজায় হঠাৎ করে কালো ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। এর পরপরই ফুড প্লাজায় কর্মরত কর্মীরা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যে সেই কালো ধোয়া ভয়াবহ আগুনের রূপ নেয়।

ফুড প্লাজার পাশে একাধিক খাবারের দোকান থাকায় সেগুলোত থাকা দাহ্য পদার্থে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত যাত্রীরা সঙ্গে সঙ্গে শিয়ালদহ স্টেশনের জিআরপিকে খবর দেন। জিআরপি ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় স্থানীয় দমকল বাহিনীকে। এরপর দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকেই এই আগুন লাগে।

এর আগে গত বুধবার (১৯ আগষ্ট) কলকাতার মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ আবাসিক হোটেল বিধ্বংসী আগুন লাগে।সেই আগুনে ঘুমন্ত অবস্থায় ৯ জনের মৃত্যু হয়, যার মধ্যে ৭ জন ছিলেন বাংলাদেশি পর্যটক।