শিরোনাম
Passenger Voice | ১০:৪৪ এএম, ২০২৬-০৮-৩১
যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামের এক হ্যান্ডলিং শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে স্থলবন্দরের ৯ নম্বর শেডের (গুদাম) অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯২৫) সাধারণ সম্পাদক সহিদ আলী।
আহত আক্তারুল ইসলাম বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য ও বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণাধীন এলাকায় ফর্কলিফটের মাধ্যমে ট্রাকে ভারী যন্ত্রাংশ ওঠানোর সময় ফর্কলিফটের সিলিং তার ছিঁড়ে যায়। এর ফলে ভারী যন্ত্রাংশ শ্রমিক আক্তারুল ইসলামের বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক সহিদ আলী। আহত শ্রমিক আক্তারুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, বিষয়টি শ্রমিক নেতারা আমাদের জানিয়েছেন। আমরাও খোঁজ খবর নিচ্ছি। তার চিকিৎসার সুব্যবস্থা নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৭ এপ্রিল পণ্য আনলোড করার সময় ক্রেনের সিলিং তার ছিঁড়ে শাহাজান আলি (৫৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত