চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

Passenger Voice    |    ০৪:৪৪ পিএম, ২০২৬-০৮-২৯


চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিগত কয়েকদিন চাহিদামত গ্যাস না পাওয়ায় আর্থিক লোকসানে পড়েছেন চালকরা। এদিকে, বাড়তি ভাড়ার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারির কথা জানিয়েছে বিআরটিএ।

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যায় আগস্ট মাসের শুরু থেকে গ্যাস সংকট দেখা দেয় বন্দর নগরী চট্টগ্রামে। এরপর থেকে নগরীর সিএনজি পাম্পের সামনে ছিলো সিএনজি চালিত গাড়ির দীর্ঘ সারি।

তবে গত কয়েকদিন ধরে কেটে গেছে সেই সংকট। গ্যাস স্টেশনে নেই গাড়িরর দীর্ঘ লাইন। স্বাভাবিকভাবেই গ্যাস পাচ্ছেন চালকরা। তারপরও গ্যাস সংকটকে পুঁজি করে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে সিএনজি চালিত অটোরিকশা ও গণপরিবহণ চালকদের বিরুদ্ধে। এ নিয়ে গাড়ির সহকারি ও যাত্রীদের সঙ্গেও চলছে বাকবিতণ্ডা।

সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘এভাবে বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’ বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তাফা বলেন, ‘যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান চালানো হচ্ছে।’

২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে আগুনের ঘটনা ঘটে। ভাসমান টার্মিনালের একটি এফএসআরইউ ক্ষতিগ্রস্থ হয়। এতে সারা দেশেই কমে যায় গ্যাস সরবরাহ।