সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার ৩

Passenger Voice    |    ০৩:১৯ পিএম, ২০২৬-০৮-২৮


সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার ৩

মানিকগঞ্জের একটি সরকারি অ্যাম্বুলেন্স থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অ্যাম্বলেন্সের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার বেউথা মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। তবে ইয়াবা বহনে ব্যবহৃত সরকারি অ্যাম্বুলেন্সটি কোন হাসপাতালের, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো। প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেউথা মোড় এলাকায় এই মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা পরিবহনের দায়ে সরকারি অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা এবং জব্দ করা অ্যাম্বুলেন্সটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বস্তি এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার মৃত খন্দকার শরিফ উদ্দিনের ছেলে খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার আবুল কাশেমের ছেলে অ্যাম্বুলেন্সের চালক রেজাউল করিম খান মিলন (৪১)।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।