চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস

Passenger Voice    |    ০৩:৪২ পিএম, ২০২৬-০৮-২৫


চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা ১২৬ কনটেইনার পণ্য ধ্বংস

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ১২৬টি কনটেইনারের মোট ৩ হাজার ২৬৮ টন পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

ধ্বংস করার জন্য চিহ্নিত এসব পণ্যের মধ্যে রয়েছে ৩৪ কনটেইনার নিম্নমানের খেজুর, ৪০ কনটেইনার মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশ ও ১৮ কনটেইনার মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইম স্টোন। এছাড়া অন্যান্য পচনশীল ও নষ্ট পণ্যের মধ্যে রয়েছে কমলা, পেঁয়াজ ও কাজুবাদাম।

গতকাল সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পেছনের নির্ধারিত স্থানে এ ধ্বংস কার্যক্রম শুরু হয়। বর্তমানে কার্যক্রমটি নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে।

পুরো ধ্বংসকাজের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সার্বিক সহায়তার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার সদস্য এবং স্থানীয় বন্দর থানা পুলিশের একটি দল সরেজমিনে উপস্থিত রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড আশা প্রকাশ করে জানিয়েছে, চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃক পরিচালিত পচনশীল ও ক্ষতিকর পণ্য ধ্বংসের এ কার্যক্রম চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনে কার্যকরী ভূমিকা রাখবে।

বন্দরের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য ও ধ্বংসযোগ্য এসব পণ্য পর্যায়ক্রমে ধ্বংস করার প্রক্রিয়া জরুরি ভিত্তিতে অব্যাহত রাখা হবে।