শিরোনাম
Passenger Voice | ১১:৪৭ এএম, ২০২৬-০৮-২৫
ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অনুপস্থিতিতে তাদের বিকল্প হিসেবে দায়িত্ব পালনকারীদের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার।
সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা পরবর্তীতে বাংলাদেশ গেজেটে অতিরিক্ত সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে নির্দিষ্ট মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদ সংক্রান্ত দায়িত্ব পালন করবেন। তবে তাদের অনুপস্থিতিতে বিকল্প হিসেবে নির্ধারণ করে দেওয়া মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা সেই দায়িত্ব সামলাবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের (প্রধানমন্ত্রীর কার্যালয়) অনুপস্থিতিতে বিকল্প হিসেবে সংসদীয় দায়িত্ব পালন করবেন তিন মন্ত্রী— ১. সালাহউদ্দিন আহমেদ (স্বরাষ্ট্রমন্ত্রী) ২. আবু জাফর মো. জাহিদ হোসেন (মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী) ৩. খন্দকার আব্দুল মুক্তাদির (শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী)
অন্যান্য মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্বে যারা—
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়: ড. আবদুল মঈন খানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
খাদ্য মন্ত্রণালয়: আফরোজা খানমের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়: আন্দালিব রহমানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়: এম রশিদুজ্জামান মিল্লাতের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: সাচিং প্রুর অনুপস্থিতিতেও দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
আদেশে উল্লেখ করা হয়, এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগের প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত