ট্রাক থামিয়ে তল্লাশি, মিললো ৪ কোটি টাকার হেরোইন

Passenger Voice    |    ১১:১০ এএম, ২০২৬-০৮-২৫


ট্রাক থামিয়ে তল্লাশি, মিললো ৪ কোটি টাকার হেরোইন

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম পাশে একটি ট্রাক থামিয়ে চার কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার (২৪ আগস্ট) বিকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

গ্রেফতার দুই জন হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেররশিয়া গ্রামের বিশারত আলীর ছেলে ট্রাকচালক আবুবক্কর (৪৪) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ বাজার এলাকার লালবর আলীর ছেলে ট্রাকের সহকারী সোহাগ আলী (১৯)।

পুলিশ জানায়, রবিবার রাত ১টার দিকে যমুনা সেতু পশ্চিম টোল প্লাজার সামনে ঢাকাগামী লেনে চেকপোস্ট বসানো হয়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় চালক ও চালকের সহকারীর কাছ থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন এবং ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। পরে দুই জনকে গ্রেফতার ও ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য চার কোটি টাকা। এ ঘটনায় যমুনা সেতুর পশ্চিম থানায় মামলা হয়েছে।