শিরোনাম
Passenger Voice | ০৪:১৪ পিএম, ২০২৬-০৮-২৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার ভাগার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় এ সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিশ্বরোড, তাবাব, বরাবসহ আশেপাশের এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধন ও সড়ক অবরোধে অংশ নেওয়া ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বর্জ্য ও ময়লা-আবর্জনা এই ব্যস্ততম মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। দুই বছর ধরে এভাবে বর্জ্য ফেলার কারণে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে বাতাসে রোগজীবাণু ছড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দা, পথচারী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, বৃষ্টির দিনে ময়লা-আবর্জনা ধুয়ে বাড়িঘরে চলে আসে। আমরা এখানে তিন শতাধিক পরিবার এ ময়লার ভাগারের আশেপাশে বসবাস করি। এ ময়লার গন্ধে আমাদের পরিবারের লোকজনের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। এছাড়া মহাসড়কের একাংশ ময়লার দখলে চলে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
তারা আবাসিক ও ব্যস্ততম বাণিজ্যিক এলাকা থেকে এই ময়লার ভাগার অবিলম্বে অপসারণ করে কোনো নির্জন স্থানে পরিবেশবান্ধব উপায়ে বর্জ্যব্যবস্থাপনার জন্য পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।
পরে স্থানীয় বিএনপি নেতা ও পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত