লঘুচাপের প্রভাবে ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

Passenger Voice    |    ১০:৫৫ এএম, ২০২৬-০৮-২৩


লঘুচাপের প্রভাবে ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে আজ রোববার দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে সারা দেশে তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর ২২ আগস্ট সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

এ ছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।

এর প্রভাবে আজ দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকালে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজকের দিনে ঢাকার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকা ও আশপাশের অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এ ছাড়া আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫টা ৩৭ মিনিটে।