শিরোনাম
Passenger Voice | ০৫:৫১ পিএম, ২০২৬-০৮-২১
দিনাজপুরের ঘোড়াঘাটে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মোটরসাইকেলে ট্রাক চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম (৩৫) এবং তাদের ৯ বছর বয়সী মেয়ে নুছাইফা আক্তার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই গোবিন্দগঞ্জের দিক থেকে দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন সম্পা ও নুছাইফা। পরে ট্রাকটি তাদের পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত