শিরোনাম
Passenger Voice | ০৪:১৩ পিএম, ২০২৬-০৮-২১
মন্ত্রিসভায় নতুন করে চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হতে পারেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
রাতে বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হতে পারে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ছয়টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
নতুন চার মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে দুজনের বিষয়ে জানতে পেরেছে গণমাধ্যম। তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এবং জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
এদিকে, আজ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন রাষ্ট্রপতির শপথ শেষে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভার আকার হয় ৫০ জনের। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
আজ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নিলে মন্ত্রিসভার আকার বাড়বে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত