অবসরের পর দুই বছরের চুক্তিতে ইস্টার্ন রিফাইনারির এমডি শরীফ হাসনাত

Passenger Voice    |    ০১:৪৩ পিএম, ২০২৬-০৮-২১


অবসরের পর দুই বছরের চুক্তিতে ইস্টার্ন রিফাইনারির এমডি শরীফ হাসনাত

ইস্টার্ন রিফাইনারি পিএলসির (ইআরপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শরীফ হাসনাতকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-৩ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহিনা আক্তারের সই করা চিঠিতে বলা হয়েছে, শরীফ হাসনাতের নিয়মিত চাকরি শেষে অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে তাকে ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আগামী ২২ আগস্ট অথবা তার যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের মেয়াদ হবে দুই বছর।

চিঠিতে আরও বলা হয়, নিয়মিত চাকরি থেকে অবসর গ্রহণের অব্যবহিত পূর্ববর্তী মাসে আহরিত সর্বশেষ বেতনের ভিত্তিতে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান অনুসরণ করে তার বেতন-ভাতাদি নির্ধারণ করা হবে।

এর আগে ২০২৪ সালের ২৫ আগস্ট ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন শরীফ হাসনাত।