শিরোনাম
Passenger Voice | ০৩:৪১ পিএম, ২০২৬-০৮-২০
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেখলী এলাকায় ধরলা নদীর ভাঙন রোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা।
ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ ও অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর ধরে ধরলা নদীর ভাঙনে মেখলীসহ আশপাশের এলাকায় শত শত বসতভিটা, ফসলি জমি ও স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। এবারও ভাঙন অব্যাহত থাকায় নতুন করে বসতবাড়ি ও আবাদি জমি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মানববন্ধনে ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহ্বায়ক এম রশিদ আলী, অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের প্রতিনিধি আরজু খাতুন, ডোনেট ফর ভুরুঙ্গামারীর সদস্য চামেলী খাতুন ও ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের ইউপি সদস্য ইলিয়াস আলী বক্তব্য দেন।
বক্তারা বলেন, ধরলার ভাঙন রোধে এর আগে একাধিকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। এতে বসতভিটা ও কৃষিজমি হারিয়ে অনিশ্চয়তায় পড়ছেন স্থানীয়রা।
মানববন্ধন থেকে মেখলী এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং ঝুঁকিতে থাকা পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, মেখলী এলাকায় ভাঙন রোধে প্রকল্পের জন্য আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সেখানে ভাঙন প্রতিরোধে কাজ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত