শিরোনাম
Passenger Voice | ০৩:০০ পিএম, ২০২৬-০৮-২০
সাড়ে আট বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশন। ইতোমধ্যে স্টেশনমাস্টার পদায়নের পাশাপাশি কার্যক্রমও শুরু হয়েছে। স্টেশনের আউটলাইনের কাজও শেষ পর্যায়ে। চালু হলে অন্যান্য লোকাল ট্রেনের পাশাপাশি রাজশাহী-ঈশ্বরদী রুটে চলাচলকারী ‘ঈশ্বরদী কমিউটার’ ট্রেনও এখানে যাত্রাবিরতি দেবে। এতে চারঘাট, বাঘা ও পুঠিয়ার যাত্রীদের রেলসেবা পাওয়ার সুযোগ বাড়বে।
জানা গেছে, ১৯২৯ সালে রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বরকতপুর এলাকায় নন্দনগাছী রেলস্টেশনটি স্থাপন করা হয়। স্টেশনটিতে নিয়মিত কার্যক্রম চালানোর জন্য স্টেশনমাস্টার, টিকিট মাস্টার, পোর্টারম্যান, পয়েন্টসম্যান ও গেটম্যানসহ ১২ জন জনবল ছিল। তবে ২০১৮ সালের ৪ জানুয়ারি স্টেশনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকে শুধু পোর্টারম্যান পদে একজন কর্মরত রয়েছেন।
স্টেশনটির কার্যক্রম বন্ধ থাকলেও লোকাল ট্রেনগুলো এখানে যাত্রাবিরতি দিত। তবে কোনো টিকিট বিক্রি হতো না। এভাবে দীর্ঘ সাড়ে আট বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে থাকে স্টেশনটি। পুনরায় স্টেশন চালু ও সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন স্থানীয়রা। এ দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদও স্টেশনটি চালুর জন্য ডিও লেটার দেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এতদিন স্টেশনটিতে মহানন্দা এক্সপ্রেস, রাজশাহী মেল, লোকাল সিক্স ডাউন, ফিপ্টিন আপ ও ডাউন ট্রেন থামত। স্থানীয়দের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন করে ঈশ্বরদী কমিউটার ট্রেন থামবে। এর ফলে এই অঞ্চলের যাত্রীদের রাজশাহী-পাবনাসহ অন্য জায়গায় যাওয়াতের সুবিধা হবে।
স্থানীয় বাসিন্দা জয়নুল ইসলাম বলেন, নন্দনগাছী স্টেশনটি তিন উপজেলা থেকে নিকটবর্তী। চারঘাট, বাঘা ও পুঠিয়া এই তিন উপজেলার হাজারো মানুষ বিভিন্ন এলাকায় যাত্রা করেন। সড়কপথে যাতায়াতে ভোগান্তি হয়। বিকল্প হিসেবে রেলপথ ব্যবহার করা যায়। নন্দনগাছী স্টেশনে ট্রেন যাত্রাবিরতি দিলে এই অঞ্চলের মানুষের উপকার হবে। ফলে সরকারও রাজস্ব পাবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পিডব্লিউআই মো. বাকিতুল্লাহ বলেন, নন্দনগাছী স্টেশনে কাজ চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। এই স্টেশনের কার্যক্রম চালু হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল বলেন, ইতোমধ্যে একজন স্টেশন মাস্টারকে পদায়ন করা হয়েছে। স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। অন্য লোকাল ট্রেনের সঙ্গে এখন থেকে ঈশ্বরদী কমিউটার ট্রেন থামবে। স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ডিও লেটার দিয়েছিলন স্টেশনটি চালুর জন্য। স্টেশনটি চালু হচ্ছে, এখন থেকে যাত্রীসেবা ছাড়াও ট্রেনগুলো ক্রসিং করা যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত