শিরোনাম
Passenger Voice | ১১:১৩ এএম, ২০২৬-০৮-২০
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের শেষ বিদায়ে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় তাঁকে মুক্তি দেওয়া হয়। পরে প্রিজন ভ্যানে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে বুধবার দীপু মনির মেয়ে তানি দিপাবলি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করা হলেও ১২ ঘণ্টার আবেদন মঞ্জুর হয়।
দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পেশায় তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি।
দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, প্যারোলে মুক্তির পর দীপু মনি রাজধানীর কলাবাগানে যাবেন। সেখানে তৌফিক নেওয়াজের মরদেহ রাখা হয়েছে। এরপর তাঁর দাফনে অংশ নেবেন দীপু মনি।
জানা গেছে, তৌফিক নেওয়াজের জানাজা গুলশানের আজাদ মসজিদে এবং দাফন বনানী কবরস্থানে হওয়ার প্রস্তুতি রয়েছে।
এর আগে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি মুন্সিগঞ্জ জেলা কারাগারে আছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত