শিরোনাম
Passenger Voice | ০৩:২৮ পিএম, ২০২৬-০৮-১৯
দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী তিন দিন দেশের অভ্যন্তরে ও উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে বিভিন্ন নদ-নদীর পানি সমতলে পরিবর্তন আসতে পারে।
বুধবার (১৯ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ভারতের ঝাড়খণ্ডে অবস্থানরত নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। পরে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা নদ-নদীর পানি সমতল কমেছে। আগামী দুই দিন এসব নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। এরপর পরবর্তী তিন দিন পানি বাড়তে পারে। অন্যদিকে গঙ্গা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী পাঁচ দিন তা অব্যাহত থাকতে পারে। তবে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি সমতল বাড়তে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে, যা আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।
চট্টগ্রাম বিভাগের সাঙ্গু ও গোমতী নদীর পানি সমতল বেড়েছে। অন্যদিকে হালদা, মাতামুহুরী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল কমেছে। এসব নদীর পানি আগামী দুই দিন কমতে পারে এবং পরবর্তী এক দিন স্থিতিশীল থাকতে পারে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত