পিংক বাস উদ্বোধন করলেন সড়কমন্ত্রী

Passenger Voice    |    ০২:৫৬ পিএম, ২০২৬-০৮-১৮


পিংক বাস উদ্বোধন করলেন সড়কমন্ত্রী

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকার সড়কে নেমেছে বিশেষ ‘পিংক বাস’। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাসসহ মোট ১৪টি বাস ১৩টি রুটে চলাচল করবে।

তিনি আরও বলেন, আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী দিনে এই রুট আরও প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশ তারা পাচ্ছে, সেটা আরও উত্তরোত্তর সমৃদ্ধ করা হবে।

সড়কমন্ত্রী বলেন, নারী যাত্রীরা যেনো এই বাসে চড়তে ও যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে, সেই ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটে চলবে ১০টি বাস। নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুটে এই সেবা পাওয়া যাবে। এছাড়া, গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও পিংক বাস চলবে।