বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন চালু

Passenger Voice    |    ০৪:৫৩ পিএম, ২০২৬-০৮-১৬


বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন চালু

সাভারের বিরুলিয়া ও খাগান এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় মিরপুর-১ নম্বর থেকে খাগান পর্যন্ত নতুন পরিবহনসেবা চালু হয়েছে। শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে স্টুডেন্ট ভাড়া।

সকাল থেকে রাত পর্যন্ত এ পথে ৫০টি যানবাহন চলাচল করবে বলে জানান উদ্যোক্তারা। সাধারণ যাত্রীদের জন্য ৪৫ টাকা ভাড়া হলেও শিক্ষার্থীরা এ পথে যাতায়াত করতে পারবেন ৩৫ টাকায়।

বিরুলিয়া-খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ সব প্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন। বাস চলাচল না করায়, এ পথে শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান ভরসা ছিল অটোরিকশা। তবে নতুন পরিবহনসেবা চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফেরদৌস ইসলাম বলেন, ‘এ পথে নিয়মিত যানবাহন পাওয়া যেত না। অটোরিকশায় যাতায়াত করতে খরচও বেশি পড়ে। স্টুডেন্ট ভাড়ায় নতুন পরিবহন চালু হওয়ায় আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে।’

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মাইনুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়ার জন্য আগে অনেক সময় গাড়ির অপেক্ষায় থাকতে হতো। নতুন এ পরিবহনসেবা নিয়মিত চালু থাকলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে।’

সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়ালিদ নাইম বলেন, ‘৩৫ টাকা ভাড়ায় মিরপুর থেকে খাগান পর্যন্ত যাতায়াত করা শিক্ষার্থীদের জন্য বেশ স্বস্তিদায়ক। তবে সার্ভিসটি যেন নিয়মিত থাকে, সেটিই আমাদের প্রত্যাশা।’

পরিবহন পরিচালক গোলাম রসুল পারভেজ বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই এ পরিবহনসেবা চালু করা হয়েছে। ৫০টি যানবাহন সকাল থেকে রাত পর্যন্ত চলাচলের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা যাতে সহজে ও কম খরচে যাতায়াত করতে পারেন, সে বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’