টানা ৫ দিন ধরে সন্দ্বীপের সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

Passenger Voice    |    ০৪:০৮ পিএম, ২০২৬-০৮-১৬


টানা ৫ দিন ধরে সন্দ্বীপের সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে টানা পাঁচ দিন ধরে দেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ। এতে জরুরি রোগী, প্রবাসী যাত্রী, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।স্থবির হয়ে পড়েছে দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা।

সাগর উত্তাল থাকায় গত বুধবার (১২ আগস্ট) দুপুর থেকে সন্দ্বীপের সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া কেন্দ্রের ঝড় সতর্কীকরণ কেন্দ্র  থেকে আবহাওয়াবিদ শাহিন ইসলাম স্বাক্ষরে আজ রবিবার সকাল ৯টায় জারিকৃত সতর্কবার্তায় অন্যান্য সমুদ্র বন্দরসহ চট্টগ্রাম সমুন্দ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখাসহ ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। 

কুমিরা-গুপ্তছড়া ফেরিঘাটের বিআইডব্লিটিসির এজেন্ট আদিল এন্টারপ্রাইজ কার্যালয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা জানান, লঘুচাপের প্রভাবে সাগরে উত্তাল অবস্থা বিরাজমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সন্দ্বীপ চ্যানেল উত্তাল হয়ে ওঠায় গুপ্তছড়া-বাঁশবাড়িয়া নৌরুটে ফেরি ও স্টিমার চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে মাঝে মধ্যে সীমিত পরিসরে কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিড বোট, কাঠের মালবাহী নৌকা ও ছোট ট্রলার চলাচল করলেও তা যাত্রী পারাপারের জন্য তা বিপজ্জনক। গতকাল শনিবার সাগরের মাঝে একটি স্পিডবোট নষ্ট হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থা সৃষ্টি হলে পরে সেটি উদ্ধার করা হয়। বৈরী আবহাওয়ার কারণে মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।