কুড়িলে গ্যাস নিতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ

Passenger Voice    |    ০৩:৪৩ পিএম, ২০২৬-০৮-১৬


কুড়িলে গ্যাস নিতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ

রাজধানীর কুড়িল চৌরাস্তা-সংলগ্ন প্রগতি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সিলিন্ডারটি ছিটকে পাশের একটি ভবনে গিয়ে পড়ায় কয়েকটি কাচ ভেঙে যায়।

একই সময়ে পাম্পে আগুন ধরে যায়। এতে প্রাইভেটকারটি ও ফিলিং স্টেশনের দুটি গ্যাস চেম্বার পুড়ে গেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।রোববার (১৬ আগস্ট) ভোরে সিএনজি পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রাইভেটকারটিতে সিএনজি গ্যাস নেওয়ার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটিতে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের পর সিলিন্ডারটি তীব্র বেগে ছিটকে পাশের ডিটিএক্স বিল্ডিংয়ে গিয়ে পড়ে।

এতে ওই ভবনের কয়েকটি কাচ ভেঙে যায়। একই সময়ে সিএনজি পাম্পেও আগুন ধরে যায়।

পুলিশ আরও জানিয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাম্পে উপস্থিত লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় প্রাইভেটকারটি এবং ফিলিং স্টেশনের দুটি গ্যাস চেম্বার পুড়ে গেছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ভোরে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় পেছন থেকে আরেকটি প্রাইভেটকার ধাক্কা দিলে মুহূর্তেই ওই গাড়ির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। পরে সিএনজি স্টেশনের লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।