শিরোনাম
Passenger Voice | ০১:৪৮ পিএম, ২০২৬-০৮-১৬
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আজ রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন। পরে মাছের পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
তাঁর সফরসূচিতে রয়েছে, বেলা সাড়ে ১১টায় তিনি পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ, বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়; দুপুর ১২টায় কটিয়াদী উপজেলার উদ্দেশে রওনা দিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন; বেলা ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠের উদ্দেশে রওনা এবং বেলা ১টায় সেখানে আয়োজিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ।
এ ছাড়া ১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। বেলা আড়াইটায় শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
বিকেল ৩টায় কিশোরগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে বিকেল ৪টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ, অন্যান্য অনুদান প্রদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিকেল ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত