ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Passenger Voice    |    ১২:৫৩ পিএম, ২০২৬-০৮-১৬


ভিডিও কলে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে স্মরণীয় এই জয় তুলে নেয় টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই সাফল্য অর্জন করল বাংলাদেশ।

টাইগার দল যখন এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং ঐতিহাসিক জয়ের জন্য তাদের অভিনন্দন জানান। এ সময় তিনি দেশের মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।

তিনি বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বিসিবি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান এবং সিরিজের পরবর্তী ম্যাচেও দলের সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।