পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের সঙ্গে আটক নারী বললেন,‘উনি আমার দুলাভাই’

Passenger Voice    |    ০৪:৩৫ পিএম, ২০২৬-০৮-১২


পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের সঙ্গে আটক নারী বললেন,‘উনি আমার দুলাভাই’

মধ্যরাতে নারীসহ শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ রুস্তম আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে শেরপুর শহরের নবীনগড় এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় তার আবাসিক ভবন থেকে ওই নারীসহ তাকে হেফাজতে নেয় সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।

এদিকে, পুলিশের জিজ্ঞাসাবাদে ওই নারী নিজেকে অবিবাহিত বলে দাবি করে জানান, রুস্তম আলী তার দুঃসম্পর্কের দুলাভাই, তিনি বেড়াতে এসেছেন।

তবে গভীর রাতে দুজন একই কক্ষে অবস্থান করার বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ও তথ্য যাচাই করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নেওয়া হয়।

সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পাসপোর্ট অফিসের ভেতরে গভীর রাতে লোকজনের উপস্থিতি দেখতে পাওয়ায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের থানায় নেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘রাত আড়াইটার দিকে তাদের থানা হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’