শিরোনাম
Passenger Voice | ১১:২৭ এএম, ২০২৬-০৮-১২
ঝালকাঠির রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় একটি আয়রন ব্রিজ ভেঙে তিন দিন ধরে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে রাজাপুর উপজেলার আরুয়া-সোনরগাঁওসহ পার্শ্ববর্তী ভান্ডারিয়া ও কাঁঠালিয়া উপজেলার কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে খেয়ায় পারাপার হচ্ছেন স্থানীয়রা।
গত রবিবার সকালে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মীরেরহাট থেকে আরুয়া-সোনারগাঁও সংযোগ সড়কের জালবাড়ি খালের ওপর নির্মিত আয়রন ব্রিজে একটি বালুবাহী জাহাজ ধাক্কা দেয়। এতে ব্রিজটি ভেঙে পড়ে। পরে ওই দিন সন্ধ্যায় জাহাজ মালিক তার জাহাজটি উদ্ধার করে নেন। কিন্তু ব্রিজটি সংস্কার না হওয়ায় এখনো যান চলাচলসহ সব যোগাযোগ বন্ধ রয়েছে।
মো. তুজ্জাফর আলী জানান, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। দীর্ঘদিন ধরে ব্রিজটির বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়লেও তা সংস্কার বা পুনর্নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর মধ্যেই বালুবাহী জাহাজের ধাক্কায় ব্রিজটি পুরোপুরি ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা ফয়সাল মিয়া বলেন, ‘ব্রিজটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করতেন। এটি ভেঙে যাওয়ায় দুই পাড়ের স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থী, বয়স্ক বক্তি ও অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ বেড়েছে। কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনও ব্যাহত হচ্ছে। ছোট নৌকায় পারাপারে দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। এতে শিক্ষার্থী, বয়স্ক, ও অসুস্থ রোগীদের নিয়ে উদ্বিগ্ন সবাই।’
আরেক বাসিন্দা আসলাম হোসেন জানান, বালু আনা-নেওয়ার সময় বালুবাহী জাহাজের ধাক্কায় এর আগেও বিভিন্ন এলাকায় সরকারি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এসব ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।
স্কুল শিক্ষার্থী মো. সুমন জানায়, বর্তমানে জালবাড়ি খালে খেয়া দিয়ে পারাপার করছেন সবাই। এতে জনপ্রতি ৫ টাকা দিতে হচ্ছে।
এ বিষয়ে জাহাজটির মালিক বাদশা সিকদারের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ব্রিজ ভাঙার বিষয়ে রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার বলেন, ‘নতুন ব্রিজ নির্মাণে ইতোমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে।’
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে যোগাযোগব্যবস্থা চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে নতুন ব্রিজ নির্মাণে প্রকৌশলীকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।’
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত