শিরোনাম
Passenger Voice | ০৪:৫৯ পিএম, ২০২৬-০৮-১১
পরিবারের নারী প্রধানদের লক্ষ্য করে সরকার কর্তৃক চালুকৃত 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে উন্নয়ন সংস্থা 'ফেইম' আয়োজিত ‘নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে বিগত বিভিন্ন সময়ে নারীর ক্ষমতায়নের কথা মুখে বলা হলেও মাঠপর্যায়ে এর যথাযথ বাস্তবায়ন ঘটেনি। তবে আশার কথা হলো, গত পাঁচ দশকে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের নারীরা চোখে পড়ার মতো অগ্রগতি অর্জন করেছেন।
সমাজে নারীর এই বিশাল অবদান বাড়লেও পরিবার ও রাষ্ট্রীয় পর্যায়ে সেই অনুযায়ী কাঙ্ক্ষিত স্বীকৃতি এখনও মিলছে না বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, চিকিৎসা শিক্ষাসহ পেশাগত ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সাম্প্রতিক বছরগুলোতে অভাবনীয় হারে বেড়েছে। সরকারের নেওয়া যুগান্তকারী উদ্যোগগুলোর সঠিক ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এই পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত