শিরোনাম
Passenger Voice | ০৪:১৬ পিএম, ২০২৬-০৮-১১
বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের প্রধান গেটের সামনে গ্যাস লিকেজ থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পাশে থাকা আরও আটটি মোটরসাইকেল পুড়ে যায়। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক মো. ফরিদ দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, দুপুরের দিকে হাসপাতাল চত্বরে রোগী নিতে আসে বেসরকারি একটি অ্যাম্বুলেন্স। রোগী উঠানোর আগেই হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে গেলে তা পাশের মোটরসাইকেলগুলোতে ছড়িয়ে পড়ে। এতে আটটি মোটরসাইকেল পুড়ে যায়। আগুনের ঘটনায় হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, যে অ্যাম্বুলেন্সগুলোর ইকোনমিক লাইফ শেষ হয়ে গিয়েছে, ফিটনেস নেই এই সকল অ্যাম্বুলেন্স এখানে চলবে না। একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলতে হবে। এখানে বিআরটি এর কিছু জনবলের ঘাটতি আছে, হাসপাতাল কর্তৃপক্ষেরও তদারকির কমতি আছে। বৈদ্যুতিক ত্রুটির কারণে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। এখন থেকে এইখানে পুরাতন, ফিটনেস বিহীন, জরাজীর্ণ অ্যাম্বুলেন্স চলবে না। আমরা একটি সুন্দর ব্যবস্থাপনা নিয়ে আসব বলে জানান এই কর্মকর্তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত