শিরোনাম
Passenger Voice | ১০:৫৬ এএম, ২০২৬-০৮-১১
রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় অস্ত্রের মুখে টাকা বহনকারী কাভার্ডভ্যান থামিয়ে ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা।
গতকাল রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে বিআরটিএ লেনের কাছে এ ঘটনা ঘটে।
উত্তরায় অবস্থিত ডিএল পেট্রোল পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।
এই ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে মামলা করেছেন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম।
মামলার এজাহারে আব্দুল করিম জানান, তিনি উত্তরা পূর্ব থানাধীন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত। ওই ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন রোববার সকাল ৯টার দিকে কর্মস্থলে আসেন। পরে রুটিন কাজের অংশ হিসেবে সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে কর্মচারী সিএনজি অপারেটর সেলিমুজ্জামান ও কাভার্ডভ্যানের চালক মো. খোরশেদকে সঙ্গে নিয়ে ফিলিং স্টেশন থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা একটি ব্যাগে করে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হন।
তারা কাভার্ডভ্যানটি নিয়ে বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ক্রাউন প্লাজার সামনে বিআরটিএ লেনের কাছে পৌঁছালে পেছন দিক থেকে তিনটি মোটরসাইকেলে করে ৬-৭ জন ব্যক্তি তাদের গতিরোধ করে।
বাদীর অভিযোগ, ছিনতাইকারীরা পিস্তল ও চাপাতি প্রদর্শন করে কাভার্ডভ্যানটি থামানোর সংকেত দেয়। চালক গাড়ি থামালে তারা সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিনের কাছে থাকা টাকার ব্যাগটি দিতে বলে। আল আমিন ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে এক ব্যক্তি তার বুকে পিস্তল ঠেকিয়ে দেয়।
এ সময় অপর এক ছিনতাইকারী চাপাতি দিয়ে আল আমিনের ওপর হামলা চালায়। এতে তার বাম হাতের কনুই, বাম হাতের তালু ও বাম পায়ে কাটা জখম হয়। পরে ছিনতাইকারীরা তার কাছ থেকে খাকি রঙের ব্যাগে থাকা ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ঘটনার সময় আল আমিন, সেলিমুজ্জামান ও খোরশেদ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকেন। তখন ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে আব্দুল্লাপুরের দিকে পালিয়ে যায়।
পরে সহকর্মী ও স্থানীয়দের সহায়তায় আহত আল আমিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন।
বাদী আব্দুল করিম বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর আমি থানায় এসে আল আমিনের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারি। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি।
সোমবার রাতে বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশনস্) শরীফ হোসেন বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত