সড়ক দুর্ঘটনায় আহত কামরুজ্জামানের পাশে বসুন্ধরা শুভসংঘ

Passenger Voice    |    ০১:৪৬ পিএম, ২০২৬-০৮-১০


সড়ক দুর্ঘটনায় আহত কামরুজ্জামানের পাশে বসুন্ধরা শুভসংঘ

একসময় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মো. কামরুজ্জামান। কিন্তু ২০১৭ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে কর্মক্ষমতা হারান তিনি।দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় অসহায় জীবনযাপন করা কামরুজ্জামানের পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

রবিবার (৯ আগস্ট) বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের বন্ধুরা উপজেলার মুহাড়াপাড়া এলাকায় কামরুজ্জামানের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।

সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, আদা, রসুন, তেল, মসলা, আটা, চিনি, লবণ, মরিচের গুঁড়া, শুকনা মরিচ, বিভিন্ন ধরনের শাক-সবজি, মুরগির মাংস, কাপড় কাচার সাবান, গোসলের সাবান, ডিটারজেন্ট পাউডার, ভিমসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী।

কামরুজ্জামান জানান, ২০১৭ সালে সড়ক দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

সে সময় বাড়ি-ঘর ও সহায়-সম্বল বিক্রি করে চিকিৎসা করেন। পরবর্তী সময়ে তার পায়ের অবস্থা আবারও খারাপ হলে একটি আঙুল কেটে ফেলতে হয়। এ সময় রক্তস্বল্পতাসহ নানা শারীরিক জটিলতা দেখা দেয়।
পরীক্ষা-নিরীক্ষার পর তার পিত্তথলিতে পানি জমা এবং ছোট ছোট অনেক পাথর ধরা পড়ে। পাশাপাশি বাম কিডনিও প্রায় অকার্যকর হওয়ার পথে বলে জানান তিনি।

দিনাজপুরে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকরা তাকে রংপুর অথবা ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তার পিত্তথলি যেকোনো সময় বড় হয়ে ফেটে যেতে পারে বলেও চিকিৎসকরা জানিয়েছেন। তবে আর্থিক সামর্থ্য না থাকায় প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করাতে পারছেন না বলেও জানান তিনি।

কামরুজ্জামানের তিন ছেলে। বড় ছেলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে, মেজো ছেলে চতুর্থ শ্রেণিতে পড়ে এবং ছোট ছেলে এখনো স্কুলে ভর্তি হয়নি।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত কামরুজ্জামান বলেন, ‘আমার কোনো কিছু করার সামর্থ্য নেই। আজ সকাল থেকেই আমার বাচ্চাগুলো না খেয়ে ছিল। এ অবস্থায় আপনারা এতগুলো খাদ্যসামগ্রী নিয়ে আসবেন, তা কোনোদিন ভাবতে পারিনি। বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি চিরকৃতজ্ঞ।’

এ সময় বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সভাপতি খাদিজা আক্তার জুঁই, সহসভাপতি আনজুয়ারা হাবিবা, সাধারণ সম্পাদক নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান আহমেদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক তাবাসসুম আক্তার রুকু, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোজ মল্লিক, কার্যকরী সদস্য সুস্মিসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে ভবিষ্যতেও এভাবেই মানুষের পাশে দাঁড়াতে চাই। সমাজের কল্যাণে ভালো কাজগুলো মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি অসহায় মানুষের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে।’