সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

Passenger Voice    |    ১১:৩৪ এএম, ২০২৬-০৮-১০


সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী।সোমবার এক বিশেষ শোকবার্তায় তাঁরা এই সমবেদনা জ্ঞাপন করেন।

নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন সরকারের এই শীর্ষ কর্মকর্তারা। একই সঙ্গে প্রবাসীদের এই অপূরণীয় ক্ষতি ও তীব্র শোকের সময়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

বর্তমানে নিহতদের পরিচয় দ্রুত শনাক্তকরণ এবং মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে দূতাবাস। উদ্ভূত পুরো পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।