বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

Passenger Voice    |    ০২:৩৯ পিএম, ২০২৬-০৮-০৯


বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

রবিবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। সকাল ৮টার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাক এসে সেটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। এতে ঢাকা-বগুড়া মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ওসি হাফিজুর রহমান জানান, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত চিত্র ও হতাহতের সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।