সিলেটে সড়ক দুর্ঘটনা ৯ জন নিহত, দুই বাসের লাইসেন্স বাতিল

Passenger Voice    |    ০৯:৩১ পিএম, ২০২৬-০৮-০৮


সিলেটে সড়ক দুর্ঘটনা ৯ জন নিহত, দুই বাসের লাইসেন্স বাতিল

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের কাশিকাপনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহতের ঘটনায় জড়িত বেঙ্গল (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) ও ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) দুই বাসের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে দুর্ঘটনাকবলিত বাসের চালকদের উপস্থিতিসহ ঘটনার লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মালিকদের।

শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়।

বিষয়টি নিশ্চিত করে বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ঢাকা মেট্রো-২ ও ঢাকা মেট্রো-৩ শাখায় বিষয়টি অবহিত করা হয়। পরবর্তীতে শাখা দুটি থেকে বাস দুটির লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ দিনের মধ্যে গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের উপস্থিত নিশ্চিত করে ঘটনার স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর কাশিকাপন এলাকায় শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে ইউনিক পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) ও বেঙ্গল স্লিপার কোচের (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) মুখোমুখি সংঘর্ষে শিশুসহ মোট নয়জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২৪ জন যাত্রী।

দুর্ঘটনার প্রাথমিক কারণ সম্পর্কে সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার সময় মহাসড়কটি অনেকটাই ফাঁকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকদের বেপরোয়া গতি কিংবা গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক সহায়তার অংশ হিসেবে আহতদের ১০ হাজার টাকা (আইসিইউতে থাকা একজনকে ১৫ হাজার টাকা) এবং নিহতদের দাফন-কাফনের জন্য পরিবারপ্রতি ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

এর আগে, একই দিনে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নিহতদের পরিবারপ্রতি ৫ লাখ টাকা, পঙ্গুত্ববরণকারীদের ৩ লাখ টাকা এবং আহত চিকিৎসাধীনদের ১ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।