শিরোনাম
Passenger Voice | ১১:৩৫ এএম, ২০২৬-০৮-০৭
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ ওরফে টিমন (৩৫) নামে এক পাওয়ার টিলারচালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে স্থায়ী গেটম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। প্রায় ৪০ মিনিট পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে দুপুরেই একজন অস্থায়ী গেটম্যান নিয়োগ দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ পাওয়ার টিলারচালিত ট্রলিতে একটি ছাগল নিয়ে দেওপাড়া থেকে নিজ বাড়ি বান্দ্রায় ফিরছিলেন। এ সময় দেওপাড়া রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাচোল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত কার্যক্রম শুরু করে।
দুর্ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই রেলক্রসিংয়ে স্থায়ী গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ দাবিতে তারা রেলপথ অবরোধ করেন। অবরোধে নেতৃত্ব দেন নাচোল পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ।
পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত গেটম্যান নিয়োগের আশ্বাস দিলে প্রায় ৪০ মিনিট পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে দুপুরে সোহেল রানা নামে একজনকে অস্থায়ী গেটম্যান হিসেবে সেখানে দায়িত্ব দেওয়া হয়।
আমানুল্লাহ আল মাসুদ বলেন, গেটম্যান না থাকায় এখানে প্রায় প্রতিবছরই প্রাণহানির ঘটনা ঘটে। আজকের ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে রেলপথ অবরোধ করে। রেল কর্তৃপক্ষের আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয়েছে। তারা কয়েক দিনের মধ্যে স্থায়ী গেটম্যানও নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমনুরা রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, সোহেল রানা নামে একজনকে অস্থায়ী গেটম্যান হিসেবে নাচোলে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি দায়িত্বও গ্রহণ করেছেন। তবে স্থায়ী গেটম্যান কবে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে পাকশী বিভাগীয় কার্যালয় বিস্তারিত জানাতে পারবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত