আ. লীগের আমলে অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী বিপাকে

Passenger Voice    |    ০৩:৫৪ পিএম, ২০২৬-০৮-০৬


আ. লীগের আমলে অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী বিপাকে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলে ব্যাংক খাতের এক তৃতীয়াংশ অর্থ লোপাট হওয়ায় ২ কোটি আমানতকারী এখন বিপাকে পড়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার  দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে।

ব্যাংকিং খাতের এক তৃতীয়াংশ টাকা চুরি করে নিয়ে গেছে। যেটাকে আমরা খেলাপি বলছি। এটা আসলে খেলাপি নয় চুরি।’

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাচ বাংলা ব্যাংক আয়োজিত বাংলা কিউআর নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, এ কারণে ২ কোটি আমানতকারী ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় ব্যাংকিং খাত ভালোভাবে পরিচালনা করা সম্ভব নয়। ব্যাংকিং খাতে মোট খেলাপির পরিমাণ ৩৬ শতাংশ। যা এ খাতের জন্য অশনিসংকেত।

তিনি বলেন, খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য ১৮ মাসের বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রথম ৬ মাসে বুলেট পেমেন্টের মাধ্যমে এক্সিটের সুযোগ দেওয়া হবে। বাকি ১ বছরে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন ও অর্থ ঋণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আইন দুটি আগামী সংসদ অধিবেশনেই পাস হতে পারে।

তিনি আরো জানান, বেসরকারি খাতে ঋণ বাড়াতে সেপ্টেম্বর থেকে ৬০ হাজার কোটি টাকার নতুন প্যাকেজ চালু হবে।

এ সময় জুলাই যোদ্ধাদের সহায়তায় প্রতিটি উপজেলায় ৫ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করা হবে বলেও অবহিত করেন গভর্নর।