শিরোনাম
Passenger Voice | ০৪:১১ পিএম, ২০২৬-০৮-০৫
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে খতমে কোরআন, জমায়েত ও বর্ণাঢ্য র্যালি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা। নগরীর ২ নম্বর গেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মী ও আলেমরা অংশ নেন।
বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এ কর্মসূচিতে শাপলা চত্বর থেকে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত নিহতদের রুহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব এবং আহতদের সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আলেমসমাজের ভূমিকা তুলে ধরা হয়। এ সময় হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ী, হাটহাজারী, পটিয়াসহ দেশের বিভিন্ন স্থানে আলেমসমাজ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় অনেক আলেম ও মাদ্রাসার শিক্ষার্থী নিহত হন এবং অসংখ্য নেতাকর্মী আহত হন। তারা আন্দোলনে হেফাজতের নেতাকর্মীদের আত্মত্যাগ ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশ ও জাতির ঐক্যের প্রতীক। এই ঐক্যের মধ্যে কোনো ফ্যাসিবাদী শক্তি বা তাদের সহযোগীরা যেন বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ সময় শাপলা চত্বরের শহীদদের পুনর্বাসন, হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন এবং দেশের বিভিন্ন স্থানে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
মহানগর প্রচার সম্পাদক মাওলানা ইকবাল খলিলের সঞ্চালনায় এবং মহানগর সদস্য সচিব ও জামিয়া দারুল মারিফের মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী সমাবেশে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন– হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরের নেতা মাওলানা সায়েম উল্লাহ, মাওলানা ফায়সাল তাজ, মাওলানা কামরুল ইসলাম, পটিয়া মাদ্রাসার ফতোয়া বিভাগের প্রধান মুফতি মঞ্জুর সিদ্দিক, কারী ইদ্রিস, মাওলানা মুসা, মাওলানা নুরুন্নবী, মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল হালিম, মাওলানা কুতুবুদ্দিন ও মাওলানা আব্দুল্লাহ আল নোমানসহ অন্যরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত