শিরোনাম
Passenger Voice | ০৪:০৪ পিএম, ২০২৬-০৮-০৫
পাবনার ঈশ্বরদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াত ইসলামীর গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা জামায়াতে ইসলামী এ গণমিছিল ও পথসভার আয়োজন করে।
গণমিছিলে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল সাড়ে ৯টা থেকে উপজেলা, পৌর ও ইউনিয়ন জামায়াত এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এসে জড়ো হয়। পরে বেলা ১১টার দিকে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নেতৃত্বে বাজারের ১নম্বর গেট থেকে গণমিছিলটি শুরু হয়।
মিছিলটি স্টেশন সড়ক হয়ে খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাসটার্মিনালে গিয়ে শেষ হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আবু তালেব মন্ডল। এ ছাড়া বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কুরআন বিভাগের সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের নায়েবে আমির নুর মোহাম্মদ, সেক্রেটারি সাইদুল ইসলাম ও পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আজম।
প্রধান অতিথি সংসদ সদস্য আবু তালেব মন্ডল বলেন, '২৪ সালের আজকের এই দিনে ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করে ক্ষমতাচ্যুত করেছিল। শত শত মায়ের বুক খালি করে, তরুণ-যুবককে পঙ্গু করে খুনি হাসিনা রান্না করা ভাত ফেলে বোনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যায়। এ সময় ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান তিনি।'
সংসদ সদস্য বলেন, 'সংবিধান সংস্কারের জন্য গণভোট হয়েছে। গণভোট কার্যকর করার জন্য আমরা শপথ নিলেও যারা দেশ পরিচালনা করছেন তারা গণভোট কার্যকর করার জন্য এখনো শপথ নেননি। তারা দেশবাসীর সঙ্গে প্রতারণ করেছে।'
তিনি বলেন, 'গণভোট কার্যকর করার জন্য এ দেশের মানুষ যা যা করার তাই করবে, দেশবাসী যেকোনো মূল্যে এ দাবি আদায় করে কার্যকর করবে ইনশাল্লাহ। এ সময় তিনি ওসমান হাদীর হত্যাকারীদেরও বিচার দাবি করেন।'
শেষে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত