বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক

Passenger Voice    |    ০৩:৪০ পিএম, ২০২৬-০৮-০৪


বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক

]বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, সাইবার নিরাপত্তা ব্যবস্থায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর এখনো দুর্বলতা রয়েছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংককে সবসময় উদ্বিগ্ন থাকতে হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। ব্যাংকিং খাতের এ দুর্বলতা বাংলাদেশ ব্যাংকের জন্য উদ্বেগের বিষয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ভবিষ্যতে সাইবার হামলা কমবে না, বরং আরো বাড়বে।

সরকারি প্রতিষ্ঠানের তথ্য নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেজন্য এই খাতকে আরো শক্তিশালী করতে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাক স্বাধীনতার নামে সামাজিক মাধ্যমে বুলিং, মিথ্যা ও হয়রানিমূলক কনটেন্টের প্রচারণা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এসব কোনোভাবেই চলতে দিবে না সরকার।

এ ছাড়া সরকারকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা, বিভ্রান্তমূলক কনটেন্টের বিস্তার ঠেকাতে শিগগিরই মেটা, গুগলসহ সোস্যাল মিডিয়া প্লাটফর্ম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হবে।