শাহ আমানতে যাত্রীর অন্তর্বাসে মিললো দেড় কেজি স্বর্ণ

Passenger Voice    |    ০৪:৫৬ পিএম, ২০২৬-০৮-০৩


শাহ আমানতে যাত্রীর অন্তর্বাসে মিললো দেড় কেজি স্বর্ণ

দুবাই থেকে আসা এক বাংলাদেশি যাত্রীর অন্তর্বাসের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় দেড় কেজি সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা সোনার মধ্যে ছিল ২৪ ক্যারেটের গোল্ড পেস্ট ও গহনা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

সোমবার (৩ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম এই অভিযান পরিচালনা করে। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো বাংলাদেশি যাত্রী মোহাম্মদ তুসারকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়।

সিআইআইডি জানায়, বিমানবন্দরে অবতরণের পর তাদের তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এবং এবং চট্টগ্রাম কাস্টম হাউজের কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ নজরদারি চালানো হয়। পরে কাস্টম হলে দেহ তল্লাশির সময় যাত্রীর অন্তর্বাসের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার পেস্ট ও গহনা উদ্ধার করা হয়।

অভিযানে ১ হাজার ৪০০ গ্রাম ২৪ ক্যারেটের সোনার পেস্ট (প্যাকিং উপকরণসহ) এবং পাঁচটি সোনার চুড়িসহ প্রায় ১০০ গ্রাম সোনার গহনা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫০০ গ্রাম সোনা জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। এ সময় যাত্রীর পাসপোর্ট, একটি মোবাইল ফোন এবং বোর্ডিং পাসও জব্দ করা হয়েছে।