রাজবাড়ীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে চালক নিহত

Passenger Voice    |    ০৪:০০ পিএম, ২০২৬-০৮-০৩


রাজবাড়ীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রর সংঘর্ষে চালক নিহত

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালীর পাইকারা মোড়ে গোল্ডেন লাইন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহেন্দ্রর সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। 

সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিহত মাহেন্দ্রচালক আব্দুর রহমান বাবলু (৫৫) কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে রাজবাড়ীগামী যাত্রীবাহী মাহেন্দ্রর (ত্রি-হুইলার) সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয় ও মাহেন্দ্রতে থাকা পাঁচ যাত্রী আহত হন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, মাহেন্দ্র চালককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাংশা হাইওয়ে থানার এসআই নিলোৎপল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।