শিরোনাম
Passenger Voice | ০৩:৪৭ পিএম, ২০২৬-০৮-০৩
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে প্লেন কেনার বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে দীর্ঘ প্রক্রিয়ায় না গিয়ে আগস্ট মাসেই প্লেন কেনার চুক্তি করতে চায় তারা। সম্প্রতি এ বিষয়ে এয়ারবাসকে একটি চিঠি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চিঠিতে ৩১ আগস্টের মধ্যে চুক্তি সম্পাদনের কথা উল্লেখ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সম্প্রতি যুক্তরাজ্যে অনুষ্ঠিত ফার্নবরো ইন্টারন্যাশনাল এয়ারশোতে বিমান ও এয়ারবাসের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে চুক্তি স্বাক্ষরের সময়সূচি এবং পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রস্তাবিত চুক্তির অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আগস্টের মধ্যেই ১০টি এয়ারবাস কেনার চুক্তি সম্পন্নের বিষয়টি চূড়ান্ত হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং ৩১ আগস্টের মধ্যে চুক্তি স্বাক্ষরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে মূল্য, অর্থায়ন ও অন্যান্য শর্তাবলি চুক্তি সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বর্তমানে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
প্রস্তাবিত চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ ওয়াইড বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো বডি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। তবে এসব উড়োজাহাজ ২০৩১ সালের আগে বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা নেই।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১৯টি এয়ারক্রাফট রয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করে বিমান। তবে তাদের উড়োজাহাজগুলো ২০৩২ সালে আসা শুরু করবে। মধ্যবর্তী সময়ের জন্য ৫ থেকে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে বিমানের।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত