৫ আগস্ট ছুটি নেই যাদের

Passenger Voice    |    ১২:৫৫ পিএম, ২০২৬-০৮-০৩


৫ আগস্ট ছুটি নেই যাদের

আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি। গত বছর থেকে সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে এই দিন।

সরকারি ছুটি থাকলেও সবাই পাচ্ছেন না অবকাশের সুযোগ। জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ৫ আগস্ট বুধবার হওয়ায় পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা ৪ দিনের ছুটি কাটানোরও সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের।

যদিও এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। হাসপাতাল, জরুরি স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য জরুরি সরকারি সেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বের প্রয়োজনে কর্মস্থলে থাকতে হতে পারে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব ডিউটি রোস্টার অনুযায়ী তারা দায়িত্ব পালন করবেন।

এদিকে গত বছরও ৫ আগস্ট ছুটি ছিল পোশাক কারখানায়।

সেসময় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওই দিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বছর এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিজিএমইএ।