পতেঙ্গা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ,আটক ২৩

Passenger Voice    |    ১১:২০ এএম, ২০২৬-০৮-০১


পতেঙ্গা থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ,আটক ২৩

চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ ও ২৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ১ আগস্ট ২০২৬ (শনিবার) সকালে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, গত শুক্রবার (৩১ জুলাই) পতেঙ্গা থানার বহির্নোঙর ও ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব সার জব্দ এবং পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট ও পাচারকারীদের আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে বহির্নোঙর এলাকায় এই অভিযান চালানো হয়। এবং পাচারকারীদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল।

এ সময় কোস্ট গার্ডের অভিযানের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ৪৫০ বস্তা সারে মোট ২২ হাজার ৫০০ কেজি সার ছিল। এর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।

জব্দ করা সার, কার্গো বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।