রেপো রেট ও এসএলএফ কমাল বাংলাদেশ ব্যাংক

Passenger Voice    |    ১০:৫৬ এএম, ২০২৬-০৭-৩১


রেপো রেট ও এসএলএফ কমাল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি এবং বিনিয়োগ গতিশীল করার লক্ষ্যে মূল নীতি সুদহার (রেপো রেট) ও স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির (এমপিসি) ১৩তম সভায় (২০২৬-২৭ অর্থবছরের ১ম সভা) এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর  মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-এর সভাপতিত্বে ব্যাংকের বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মুদ্রা নীতির প্রধান হাতিয়ার হিসেবে বিবেচিত নীতি সুদহার (রেপো রেট) বিদ্যমান ১০.০০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯.৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) রেট বিদ্যমান ১১.৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ১১.০০ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়।

তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে পরিচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) রেট বিদ্যমান ৭.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

মনিটারি পলিসি কমিটির সদস্যরা সভায় অভ্যন্তরীণ ও বৈশ্বিক মূল্যস্ফীতি, দেশীয় বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিধারা এবং আন্তর্জাতিক লেনদেন ভারসাম্য সংক্রান্ত নানা বিষয়ে বিশদ পর্যালোচনা করেন। এসব বিষয় বিবেচনায় নিয়েই নীতি সুদহার পুনর্বিন্যাসের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই নতুন সিদ্ধান্তসমূহ আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে।

সভায় ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, আইআরএনএম-এর নির্বাহী পরিচালক ড. মুস্তফা কামাল মুজেরী, বিআইডিএস-এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাবির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. ফেরদৌসি নাহার, বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট ড. মোহাম্মদ আক্তার হোসেন এবং নির্বাহী পরিচালক ড. ইমাম আবু সাঈদ উপস্থিত ছিলেন।