বড় লোকসানের ধাক্কায় কুপোকাত ইসলামী ব্যাংক

Passenger Voice    |    ১০:৫৯ এএম, ২০২৬-০৭-৩০


বড় লোকসানের ধাক্কায় কুপোকাত ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (ইসলামী ব্যাংক) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বড় লোকসান করেছে। ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ২৪ পয়সা। বড় লোকসানের পাশাপাশি ব্যাংকটির সম্পদের পরিমাণও কমেছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮ টাকা ১৮ পয়সা। ২০২৫ সালের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪২ পয়সা।

চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭ টাকা ৬৮ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৩ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে যা ছিল ৪৪ টাকা ৩৯ পয়সা।

ব্যাংকটির কর্তৃপক্ষ জানিয়েছে, একক ভিত্তিতে আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮ টাকা ৫৮ পয়সা কমেছে। এর প্রধান কারণ হলো আমানতের বিপরীতে মুনাফা পরিশোধ ব্যয় বৃদ্ধি, খেলাপি বিনিয়োগ বেড়ে যাওয়ায় বিনিয়োগ আয় কমে যাওয়া এবং অন্যান্য ব্যাংকে প্লেসমেন্ট থেকে আয় হ্রাস পাওয়া।

তবে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নির্দেশনার আলোকে সম্পদের গুণগত মান উন্নয়ন, বিনিয়োগ পুনরুদ্ধার জোরদার এবং আয় বাড়াতে ব্যাংকটি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগ ভবিষ্যতে ব্যাংকটির আয় এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ইতিবাচকভাবে বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এছাড়া একক ভিত্তিতে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় ৭ টাকা ৬৭ পয়সা কমেছে। এর প্রধান কারণ ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে আমানত কমে যাওয়া।

এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নিয়ন্ত্রক নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে আমানত সংগ্রহ জোরদার, পর্যাপ্ত তারল্য বজায় রাখা এবং পরিচালন নগদ প্রবাহ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে ব্যাংকটি।