১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

Passenger Voice    |    ০২:১৪ পিএম, ২০২৬-০৭-২৯


১৪৪ ধারার মধ্যেই হবিগঞ্জের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকার পরও করে সেখানে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতারা। ছাত্রদলের হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করেই তাঁরা হবিগঞ্জে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

আজ বুধবার এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই স্থানে এনসিপি, বিএনপি ও ছাত্রদল কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

হবিগঞ্জের পথে রওনা দেওয়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন— এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক যথাক্রমে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এমপি। এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারাও রয়েছেন।

এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক জানান, কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছেছেন এবং বিকেলে হবিগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে। তিনি আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে প্রশাসনের সামনেই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতা-কর্মীদের ওপর ছাত্রদল দফায় দফায় হামলা চালায়। এর প্রতিবাদেই আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের ওপর হামলার ঘটনায় গণতান্ত্রিক প্রতিবাদ জানাতেই হবিগঞ্জের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতারা।’

স্থানীয় নেতারা জানান, গতকালের ঘটনার পর কেন্দ্রীয় নেতারা সিলেটে চলে যান। আজ সেখান থেকে হবিগঞ্জে আসছেন তাঁরা।