শিরোনাম
Passenger Voice | ১২:৩৪ পিএম, ২০২৬-০৭-২৮
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা, লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়টির জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের উদ্যোগে এ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘যেই ইতিহাস রক্তে লেখা হয়েছে, সেই ইতিহাস মুছে যায়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাইয়ের রক্তঋণের উত্তরাধিকার, সেই উত্তরাধিকার আপনারা বহন করে চলবেন। আগামী প্রজন্ম পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করবেন এবং জুলাই গণঅভ্যুত্থানকে সফলকাম করবেন।’
তিনি আরও বলেন, ‘বিগত ১৬ বছর ধরেই যদি আমরা ইতিহাস দেখি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের, ক্যাম্পাসভিত্তিক আন্দোলনের, সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বড় ভূমিকা ছিল। এখন আমাদের নতুন করে গড়ার দায়িত্ব নিতে হবে। এই রাষ্ট্রটাকে, বাংলাদেশকে, বিশ্ববিদ্যালয়কে নতুন করে গড়ার দায়িত্ব আমাদের সবার।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। আয়োজনে জাবির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানবিষয়ক বিশেষ লেখা প্রতিযোগিতায় নবীন ব্যাচের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত